মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১১:৫৭ এএম
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগ খারিজের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সোমবার (১৮ মে) একইসঙ্গে তার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, যিনি একই সঙ্গে আদানির পক্ষেও কাজ করছেন। ওই আইনজীবীর মাধ্যমেই আলোচনার একটি সংযোগ তৈরি হয় বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে আদানির আইনজীবী যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানান। তবে চলমান মামলার কারণে সেই বিনিয়োগ আটকে আছে বলেও উল্লেখ করেন তিনি।
এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আনা একটি আলোচিত মামলার ধারাবাহিকতা থেকে সরে আসার সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, ভারতের একটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে আদানি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তাদের বিপুল অঙ্কের ঘুষ দেওয়ার বিষয়ে জড়িত ছিল। পাশাপাশি বিনিয়োগকারী ও ঋণদাতাদের কাছ থেকে দুর্নীতির তথ্য গোপন করে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগও আনা হয়েছিল।
তবে আদানি গ্রুপ সব ধরনের অনিয়মের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।
আরটিভি/জেএমএ