মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১২:৫৩ পিএম
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, জনসংখ্যা অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি উদ্ভাবন হয় ইসরায়েলে। তিনি দেশটির প্রযুক্তি অগ্রগতিকে অসাধারণ ও বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম জিউইশ ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদন এবং এএফপির তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে ইলন মাস্ক এসব মন্তব্য করেন। সামিটে তিনি ইসরায়েলি উদ্ভাবকদের উদ্দেশে বার্তা দিয়ে দেশটির প্রযুক্তি খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
মাস্ক বলেন, ইসরায়েল থেকে যে পরিমাণ উদ্ভাবন আসে, তা সত্যিই অসাধারণ। জনসংখ্যার তুলনায় এটি বিশ্বে সবচেয়ে এগিয়ে—আমি বলব, এক নম্বরে।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রযুক্তি খাতে অগ্রগতির প্রতি তিনি গভীরভাবে শ্রদ্ধাশীল এবং দেশটি তার আকারের তুলনায় অনেক বেশি অর্জন করেছে।
বিশেষজ্ঞদের মতে, ছোট আকারের দেশ হয়েও ইসরায়েল সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় যানবাহন এবং পানিশোধন প্রযুক্তির মতো খাতে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। মাথাপিছু স্টার্টআপ সংখ্যাতেও দেশটি শীর্ষে রয়েছে।
সামিটে মাস্ক ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি এবং টেসলার রোবট্যাক্সি ও মানবসদৃশ রোবট প্রকল্প নিয়েও আলোচনা করেন। তিনি ইসরায়েলের প্রযুক্তিগত শক্তিকে ভবিষ্যৎ উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
আরটিভি/জেএমএ