বুধবার, ২০ মে ২০২৬ , ১১:৫৫ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলা সাইবারট্রাকের‘ওয়েড মোড’ পরীক্ষা করতে গিয়ে এক চালকের দুঃসাহসিক প্রচেষ্টা বড় ধরনের বিপত্তিতে শেষ হয়েছে। স্থানীয় গ্রেপভাইন লেকের গাড়ি নামানোর পর সেটি পানিতে ডুবে যায় এবং পরে চালককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপভাইন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার রাত প্রায় ৮টার দিকে কেটিস উডস বোট র্যাম্প এলাকায় একটি গাড়ি পানিতে ডুবছে এমন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা সাইবারট্রাকটিকে আংশিকভাবে পানিতে নিমজ্জিত অবস্থায় দেখতে পান।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি ডুবে যাওয়ার সময় আশপাশের লোকজন মন্তব্য করছিলেন যে, এটি পার্ক করার জায়গা নয়।
চালক জানান, তিনি টেসলার অফ-রোড সেটিংসের অংশ ‘ওয়েড মোড’ পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে গাড়িটি পানিতে নামিয়েছিলেন। এই মোড মূলত অগভীর পানিতে ধীরে চলার জন্য তৈরি, যেখানে গাড়ির সাসপেনশন স্বয়ংক্রিয়ভাবে উঁচু হয়। তবে এটি ব্যবহারের আগে ম্যানুয়ালি সক্রিয় করতে হয়।
পুলিশ জানায়, পানিতে নামানোর পর গাড়িটি বিকল হয়ে পড়ে এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি খারাপ হলে চালক ও আরোহীরা নিরাপদ স্থানে সরে যান। পরে ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী দল রেকারের সাহায্যে গাড়িটি লেক থেকে তুলে আনে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যদিও কিছু যানবাহন অগভীর পানিতে চলার সক্ষমতা রাখে, তবুও আইনগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে এমন কাজ বিপজ্জনক হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে নিষিদ্ধ এলাকায় গাড়ি চালানো, বৈধ নৌ-নিবন্ধন না থাকা এবং জলপথ নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেছেন, এর আগেও তিনি বিভিন্ন জলাশয়ে একই গাড়ি চালিয়ে সফলভাবে পরীক্ষা করেছেন।
টেসলার নির্দেশিকায় বলা হয়েছে, পানিতে গাড়ি নামানোর আগে পরিবেশ যাচাই করা জরুরি এবং গভীর বা স্রোতযুক্ত পানিতে চালানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র: সিবিএস নিউজ, এনডিটিভি
আরটিভি/এসকে