images

আন্তর্জাতিক / ভারত / পাকিস্তান

ভারতে মহাসড়কে রহস্যময় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলে নজরদারি, ভিডিও যাচ্ছে পাকিস্তানে 

শুক্রবার, ২২ মে ২০২৬ , ১২:৪৯ পিএম

ভারতের পাঞ্জাব রাজ্যে জাতীয় মহাসড়কের পাশে গোপনে বসানো সিসিটিভি ক্যামেরাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ক্যামেরার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর চলাচলের ওপর নজরদারি করা হচ্ছিল এবং ধারণ করা ভিডিও ইন্টারনেটের মাধ্যমে বিদেশে পাঠানো হতো। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি বলজিৎ সিং ওরফে বিট্টু দীর্ঘদিন ধরে পাঠানকোট–জম্মু মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে গোপনে ক্যামেরা বসিয়ে সেনা চলাচল পর্যবেক্ষণ করছিলেন। পরে সেই ভিডিও বিদেশে থাকা একটি চক্রের কাছে পাঠানো হতো।

তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি দুবাইয়ে অবস্থানকারী এক অজ্ঞাত ব্যক্তির নির্দেশে কাজ করতেন এবং এর জন্য তিনি অর্থও গ্রহণ করতেন। তার কাছ থেকে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
LIT

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারের অভিযান চলছে।

এদিকে তদন্তে সীমান্ত পারের একটি সংগঠিত গুপ্তচর নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এর আগেও একই এলাকায় সেনা স্থাপনা ও চলাচল পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ব্যবহার করে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল।

পাঞ্জাব পুলিশ বলছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপন নজরদারির এই নেটওয়ার্ক সেনা নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। পুরো ঘটনার উৎস, অর্থায়ন ও আন্তর্জাতিক যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।


আরটিভি/জেএমএ