images

আন্তর্জাতিক

ভারতের রেললাইন যেখানে থমকে গেছে

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৫:৫১ পিএম

ভারতের পাহাড়, মরুভূমি আর ঘন জঙ্গল পেরিয়ে বিস্তৃত রেলপথ নেটওয়ার্ক যেখানে এসে একেবারে থেমে গেছে, সেই স্টেশনটির নাম সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত এই ছোট্ট স্টেশনটিই পরিচিত ভারতের শেষ রেলওয়ে স্টেশন হিসেবে। 

নেই কোনো বড়সড় আয়োজন, নেই যাত্রীদের ভিড় বা ব্যস্ততার কোলাহল। চারপাশের নিরিবিলি গ্রামীণ পরিবেশ আর নীরবতার মধ্যেই দাঁড়িয়ে আছে সিঙ্গাবাদ স্টেশন। অথচ ভৌগোলিক ও কৌশলগত কারণে স্টেশনটির গুরুত্ব অনেক বেশি। এটি সিঙ্গাবাদ-রোহনপুর রেল রুটের অংশ, যা একসময় ভারত ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার যোগাযোগ সহজ করতে এই রেলপথ নির্মাণ করা হয়েছিল। তবে ১৯৪৭ সালের দেশভাগের পর এটি আন্তর্জাতিক সীমান্ত রুটে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে এই পথ দিয়ে দুই দেশের মধ্যে পাথরসহ বিভিন্ন পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। সময়ের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কমে গেলেও বাণিজ্যিক যোগাযোগে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই স্টেশন।

আরও পড়ুন
EVEREST

দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড

বর্তমানে সিঙ্গাবাদ স্টেশনের কার্যক্রম মূলত সীমিত পণ্যবাহী ট্রেন ও সরকারি ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ। সাধারণ যাত্রীবাহী ট্রেন খুব কমই এখানে আসে। ফলে পর্যটকদের আনাগোনাও নেই বললেই চলে। তবুও রেলপথ ও ইতিহাসপ্রেমীদের কাছে এই স্তব্ধ স্টেশন এক বিশেষ আকর্ষণের নাম।

কারণ, এখানেই এসে থমকে গেছে বিশ্বের অন্যতম বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা ভারতের বিশাল রেললাইন।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে