শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:২২ পিএম
নিখোঁজ হওয়ার ৬ দিন পর লুধিয়ানার একটি খাল থেকে ভারতের পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, ১৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর: ইন্ডিয়া টুডে
কী ঘটেছিল ইন্দর কৌরের সঙ্গে
তার ভাই জোটিন্দর সিং পুলিশের কাছে করা অভিযোগে জানান, ১৩ মে রাত সাড়ে আটটার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবার মোগার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখাকে সন্দেহ করেন তারা।
পরিবারের অভিযোগ, সুখবিন্দর দীর্ঘদিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। তবে সুখবিন্দর যে আগে থেকেই বিবাহিত এবং তার সন্তান রয়েছে, তা জানার পর ইন্দর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
পুলিশের সন্দেহ, ১৩ মে সুখবিন্দর ও তার সহযোগীরা ইন্দর কৌরের গাড়ির পথরোধ করে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে মরদেহ নীলো খালে ফেলে দেওয়া হয়।
তদন্তকারীদের ধারণা, অভিযুক্তরা হত্যাকাণ্ডের আগে কানাডা থেকে নেপাল হয়ে পাঞ্জাবে আসে এবং ঘটনার পর একই পথে আবার কানাডায় পালিয়ে যায়।
ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করে সামরালার সিভিল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, সময়মতো ব্যবস্থা নিলে তার জীবন বাঁচানো যেত।
পরিবার জানায়, ১৫ মে জামালপুর থানায় সুখবিন্দর সিং ও তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা করা হয়। থানার কর্মকর্তা বলবীর সিং জানিয়েছেন, সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ও পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কে এই ইন্দর কৌর
ইন্দর কৌর পাঞ্জাবি সংগীতের জনপ্রিয় শিল্পীদের একজন। তিনি ‘আফগান জট্টি’, ‘সোহনা লাগদা’, ‘লানেদারনি’, ‘দেশি সিরে দে’, ‘সোনে দি ওয়াং’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
গানের পাশাপাশি তিনি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয় ছিলেন এবং ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২৫ হাজার।
আরটিভি/এসকেডি