images

আন্তর্জাতিক

বাংলাদেশিসহ যেসব দেশের অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:২৭ পিএম

ইউরোপের দেশ স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈধতা পাওয়া অভিবাসীদের কর্মসংস্থানে যুক্ত করার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির সরকার প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসী শ্রমিককে বৈধ মর্যাদা দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করছে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী উপকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের শীর্ষ অভিবাসন কর্মকর্তা পিলার ক্যানসেলা জানান, বৈধতা পাওয়া অভিবাসীদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন খাতে চাকরির সুযোগ তৈরি করা হবে। সরকারের মতে, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার কারণে তৈরি হওয়া শ্রমশক্তির ঘাটতি পূরণে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। 

চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচি ইউরোপের বিভিন্ন কট্টর ডানপন্থি দলের সমালোচনার মুখে পড়ে। তবে সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন স্প্যানিশ জোট সরকার বলছে, অভিবাসনই দেশটির অর্থনীতিকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রাখতে সহায়তা করছে।

সরকারি তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য বিভিন্ন এনজিও ও বিশেষায়িত অফিস প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য পাঁচ লাখ আবেদনকারীর দ্বিগুণ অর্থাৎ প্রায় ১০ লাখ আবেদন সামাল দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

স্পেনের গবেষণা প্রতিষ্ঠান ফুনকাসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ ৪০ হাজার অনথিভুক্ত অভিবাসী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এদের বড় একটি অংশ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা।

নতুন কর্মপরিকল্পনার আওতায় অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আনুষ্ঠানিক কর্মসংস্থানে আনার পাশাপাশি নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবাখাতে শ্রমিক সংকট কমানোর উদ্যোগ নেওয়া হবে। পিলার ক্যানসেলা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল অবস্থার মধ্যেও যারা দেশের উন্নয়নে অবদান রাখছেন, তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এটি একটি বড় সুযোগ।

এ পরিকল্পনার অংশ হিসেবে অস্থায়ী কাজের অনুমতি পাওয়া অভিবাসীদের নিয়ে একটি স্বেচ্ছামূলক জরিপ পরিচালনা করবে স্পেনের অভিবাসন মন্ত্রণালয়। এতে তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও কোন খাতে কাজ করতে আগ্রহী সেসব তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি নির্মাণ, পর্যটন, পরিবহন ও পরিচর্যা খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে শ্রমবাজারের চাহিদা নির্ধারণ করা হবে এবং বৈধতা পাওয়া অভিবাসীদের চাকরির সঙ্গে যুক্ত করা হবে।

আরটিভি/এসকে