শুক্রবার, ২২ মে ২০২৬ , ১১:০৫ পিএম
আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আর এতে ভূমিকা রাখছে মধ্যস্থতাকারী পাকিস্তান।
শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
সংবাদমাধ্যমটি জানায়, উভয় পক্ষের মধ্যেকার সম্ভাব্য খসড়া চুক্তির জন্য নয় দফা রূপরেখা দেওয়া হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রে কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরপরই চুক্তিটি কার্যকর হবে।
খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ আল-আরাবিয়া পেয়েছে। সেগুলো হলো—
১. সব ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ।
২. সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার।
৩. সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা।
৪. সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি।
৫. আরব সাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
৬. চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন।
৭. সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা।
৮. চুক্তির শর্তাবলি মেনে চলার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার।
৯. খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ।
তবে শুক্রবার পর্যন্ত তেহরান বা ওয়াশিংটন খসড়াটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
আরটিভি/এসকেডি