images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস এলাকায় আবারও গোলাগুলি, লকডাউন ঘোষণা

রোববার, ২৪ মে ২০২৬ , ০৮:৩০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারী গুলি ছুড়েছে। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় ওই ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় এলাকাটিতে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা ছয়টার কিছু পর এক সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে আসেন। এরপর তিনি আচমকা নিজের ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। 

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেকপয়েন্টে পৌঁছেই তা বের করেন। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গুলিবিনিময়ের সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নাকি পরবর্তীতে পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

আরও পড়ুন
15

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

ঘটনার পরপরই হোয়াইট হাউসজুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। মার্কিন কংগ্রেসের প্রতিনিধিপরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রতিনিধিপরিষদের রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্টের জন্য উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।’

আল-জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট ঘটনাস্থল থেকে জানান, হোয়াইট হাউসের নর্থ লনে ৩০টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই হোয়াইট হাউসের লনে অবস্থান করা সাংবাদিকদের দৌড়ে প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশ আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেয় এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা সাংবাদিকদের ঘটনাস্থলের কাছে যেতে বাধা দেন।

সাংবাদিক কিম্বারলি হালকেট আরও জানান, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি ওই এলাকা থেকে দূরে থাকার একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করে চেকপয়েন্টের দিকে এগিয়ে যান এবং গুলি চালানো শুরু করেন। এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময়ও একটি গুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার এক মাস পার না হতেই মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের সামনে নতুন করে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটল।

আরটিভি/এআর