মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:১৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার প্রায় ৩০ দিন পর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হতে পারে।
সোমবার (২৫ মে) মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজ শুরু করবে। এই সময়সীমা শেষ হলে বিশ্বের সব দেশের জাহাজ নিরাপদ ও অবাধে প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে ইরান জাহাজ চলাচলের ওপর আর কোনো ট্রানজিট ফি আদায় করবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রঘাঁটি ও মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে।
একই সময়ে ইরান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, এসব হামলা ‘আত্মরক্ষার্থে’ চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল ‘ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া’।
আরটিভি/এমএম