images

আন্তর্জাতিক / ধর্ম

টাকা জমিয়ে হজে যাওয়ার ইচ্ছা পূরণ করলেন ১০৪ বছরের বৃদ্ধা

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:৫৯ পিএম

বয়স কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার ১০৪ বছর বয়সী বৃদ্ধা এমবাহ মারসিয়াহ। ২০২৬ সালের পবিত্র হজে অংশ নেওয়া ২ লাখ ২১ হাজার ইন্দোনেশীয় হাজির মধ্যে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক হাজি হিসেবে পরিচিতি পেয়েছেন।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা মারসিয়াহ পেশায় ছিলেন একজন সাধারণ জাউ বা পরিজ বিক্রেতা। বহু বছর ধরে তিনি তার উপার্জনের সামান্য অংশ বাঁচিয়ে একটি ক্যানে জমিয়ে রাখতেন।

হজ মিডিয়া সেন্টারকে তিনি জানান, ‘আমি একটু একটু করে টাকা জমাতাম। যদি কখনো ঘাটতি হতো, আমার ছেলে তা পূরণ করে দিত’।

নিজের এই স্বপ্নের কথা তিনি শুরুতে প্রতিবেশী এমনকি নিকট আত্মীয়দের কাছেও গোপন রেখেছিলেন। পর্যাপ্ত অর্থ জমার পর ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন করেন।

আরও পড়ুন
5000

জাতিসংঘের কালো তালিকাভুক্ত হলো ইসরায়েল

১৯২১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করা এই বৃদ্ধা গত শুক্রবার (২২ মে) সকালে মক্কায় পৌঁছান। হজের এই পবিত্র সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহ। মারসিয়াহ লাঠিতে ভর দিয়ে সামান্য হাঁটতে পারলেও হজের আনুষ্ঠানিকতা পালনে মূলত হুইলচেয়ার ব্যবহার করছেন।

ইন্দোনেশিয়ার হজ মিশনের প্রধান আবিসওয়াতুন নাধিনোহ জানিয়েছেন, মারসিয়াহ শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এবং হজের সমস্ত আনুষ্ঠানিকতায় অংশ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। কঠোর পরিশ্রম আর দীর্ঘদিনের ধৈর্য্য নিয়ে মারসিয়াহর এই হজ যাত্রা বর্তমান প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তথ্যসূত্র: আরব নিউজ

আরটিভি/ এসকেডি