সোমবার, ০১ জুন ২০২৬ , ০১:৩৭ পিএম
ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে এবার চমকপ্রদ মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, ভারত যেমন নেপালের কিছু ভূখণ্ড দখলে রেখেছে, তেমনি নেপালও ভারতের কিছু জায়গা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রাতিষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে সীমান্ত ইস্যু একপাক্ষিক নয় উভয় দেশেরই কিছু জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তাই বিষয়টি আলোচনার মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করা প্রয়োজন।
নেপালের প্রধানমন্ত্রী একই সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে যুক্তরাজ্য সরকারের সরাসরি সম্পৃক্ততার আহ্বান জানান। তার যুক্তি, এই সমস্যার ঐতিহাসিক শিকড় ব্রিটিশ শাসনামলের সময়কার, যখন ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যায়।
তিনি জানান, নেপাল ইতোমধ্যে ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করেছে এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমেই বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছে।
বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল। নেপাল দাবি করছে, ১৮১৬ সালের সুগৌলি চুক্তির পর থেকেই এসব এলাকা নেপালের অবিচ্ছেদ্য ভূখণ্ড। অন্যদিকে ভারত ঐতিহাসিক ও প্রশাসনিক ভিত্তিতে নেপালের দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং লিপুলেখ পাসকে দীর্ঘদিনের স্বীকৃত তীর্থযাত্রার পথ হিসেবে তুলে ধরছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর আগে জানিয়েছে, সীমান্ত বিষয়ে তাদের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট এবং সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।
এই মন্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতি ও সীমান্ত রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট
আরটিভি/এসকে