বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:৪৯ এএম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে, ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেয়। দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা এবং ৭ দিনের সাধারণ ছুটির কথাও জানানো হয়।
প্রাথমিকভাবে ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী বিদায়ী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত জটিলতা ও চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে নতুন করে জানানো হয়েছে, ইরান সরকার এখন প্রয়াত নেতার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। দেশটির তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “তিন দিনের শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, শোকযাত্রার মূল অনুষ্ঠান তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে আয়োজন করা হতে পারে। মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে যা জুনের মাঝামাঝি সময়ের দিকে পড়তে পারে এই রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হতে পারে। শোকযাত্রা অন্তত ২৪ ঘণ্টা চলবে এবং এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এখনো ইরানি সরকারের পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি বা চূড়ান্ত ঘোষণা আসেনি।
আরটিভি/এসকে