images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৭:১২ পিএম

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।  

বুধবার (৩ জুন) কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।  

বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, বুধবার ভোরে চালানো এই হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কয়েকটি কূটনৈতিক মিশনও ক্ষতির মুখে পড়ে। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। হামলার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন
1

কুয়েত-বাহরাইনে হামলার কারণ জানালো ইরান

এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ৬৩ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দর কর্মী ও যাত্রীসহ আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।

পরবর্তীতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর টার্মিনাল-৪ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

কুয়েত সরকার এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কাপুরুষোচিত হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। 

আরটিভি/এআর