images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

লেবাননে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসরায়েলি মেজর জেনারেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৯:২১ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যাওয়ায় অক্ষত রয়েছেন জেনারেল রাফি। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মেজর জেনারেল রাফি মিলো। তিনি আরও কয়েকজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের একটি সফরে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার ঠিক কিছুক্ষণ পরই একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িটিতে সরাসরি আঘাত হানে। ড্রোনের বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা দুজনেই সম্পূর্ণ অক্ষত থাকেন।

আরও পড়ুন
5

ইসরায়েল ছেড়ে পালাচ্ছে হাজার হাজার শিক্ষিত তরুণ 

ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পর এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রথম সামনে আসে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম কান তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, হিজবুল্লাহর পক্ষ থেকে জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোন, অন্যান্য মানববিহীন আকাশযান (ইউএভি) এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক কমান্ড, নিয়ন্ত্রণ ও সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানাই এখন হিজবুল্লাহর মূল লক্ষ্য। 

আরটিভি/এআর