শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১০:৪৪ এএম
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক খোলা চিঠিতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের এই আহ্বান জানান দেশটি প্রেসিডেন্ট।
খোলা চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ইউরোপের এই যুদ্ধটি আবারও কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে, সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। ইউক্রেন আপনার ও আমাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ অবসানের প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।
চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, দুই দেশের শীর্ষ নেতা যদি বৈঠকে বসেন তবে তা অত্যন্ত চমৎকার একটি বিষয় হবে।
এদিকে ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা জেলেনস্কির চিঠিটি পেয়েছে এবং এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে বিস্তারিত জানানো হবে।
জেলেনস্কির এই চিঠির জবাবে ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কি চাইলে মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কি যেকোনও সময় মস্কো আসতে পারেন। তবে তিনি উল্লেখ করেন, চিঠিটি এখনও পুতিনকে দেখানো হয়নি।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনও যদি একই ধরনের নমনীয়তা দেখায়, তবে মস্কোও ছাড় দিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: উইয়ন নিউজ, বিবিসি।
আরটিভি/টিআর