রোববার, ০৭ জুন ২০২৬ , ০৫:৪১ পিএম
পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নরায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন।
শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি হাওড়ার উদয়নরায়ণপুরের বিলাসপুর এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা।
অভিযোগ রয়েছে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ টাকা থেকে বেআইনিভাবে কমিশন বা ‘কাটমানি’ আদায় করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে অভিযান চালায়।
সেখানেই সামনে আসে নাটকীয় দৃশ্য। দোকানের গুদামে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। শাড়ির গাদা সরিয়ে তাকে বের করে আনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শাড়ির স্তূপ সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্র: হিন্দুস্থান হেরাল্ড
আরটিভি/এমএইচজে