images

আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা নারীদের খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা

সোমবার, ০৮ জুন ২০২৬ , ১১:৩৪ এএম

ভারতের মধ্যপ্রদেশের পন্ধুর্না জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা অন্তঃসত্ত্বা নারীদের জন্য পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপের বাচ্চা পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কারঘাট কামথি গ্রামের অন্তঃসত্ত্বা নারী বাছলা বাই ধুরভেকে দেওয়া লাড্ডুসমৃদ্ধ পুষ্টি সহায়তার প্যাকেটটি বাড়িতে নেওয়ার পর তার পরিবারের সদস্যরা সেটি খোলেন। তখনই ভেতরে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পান তারা। সৌভাগ্যবশত, খাবারটি খাওয়ার আগেই বিষয়টি ধরা পড়ে, ফলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিবারটি দ্রুত বিষয়টি অঙ্গনওয়াড়ি কর্মী ও স্থানীয় প্রশাসনকে জানায়।

এরপর নারী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তারা, প্রকল্প কর্মকর্তা উষা পন্দ্রে, নন্দনওয়াড়ি পুলিশ এবং নায়েব তহসিলদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। কর্তৃপক্ষ প্যাকেটটি জব্দ করে এবং পরীক্ষার জন্য খাদ্যের নমুনা সংগ্রহ করে।

আরও পড়ুন
EARTHQUAKE

রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প, কারণ কী

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নমুনাগুলো ভোপালের রাজ্য খাদ্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ল্যাব রিপোর্ট এবং তদন্ত কমিটির ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের পুষ্টি সহায়তা কর্মসূচির নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এসকে