images

আন্তর্জাতিক

ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৯:১৯ পিএম

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে। তিনি বলেন, দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন।

বৃহস্পতিবার (১১ জুন) কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ কেবল ভৌগোলিক সীমান্তের মাধ্যমে সংযুক্ত নয়, বরং দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাও একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাষায়, গণতন্ত্রের যে স্বপ্ন ভারতের ১৪০ কোটি মানুষের, একই স্বপ্ন বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষেরও।

তিনি আরও বলেন, ১৬০ কোটি মানুষের কল্যাণে যা প্রয়োজন, সেই লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও দুই দেশের জনগণের সমর্থন ও আশীর্বাদ তাঁদের পথচলায় শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সৌদি আরবে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা শুধু সীমান্তের মাধ্যমে সংযুক্ত নই। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের অভিন্ন স্বপ্ন। তাই শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকে যোগ করি। ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং যা অর্জন করতে যাচ্ছি, তাতে সফল হতে পারি।’

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে ভার‌তের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় আস‌বেন। 

বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে গত এপ্রিলের শে‌ষ দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। ঢাকায় ভারতের সা‌বেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন দীনেশ ত্রিবেদী।

আরটিভি/ এসকেডি