শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৭:১০ পিএম
মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানিকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
হর্ষা সানি নামের এই মডেলের কাছ থেকে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা পাওয়া গেছে বলে জানা যায়। নিয়মিত নজরদারির সময় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মুম্বাই বিমানবন্দরে তাকে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।
মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি।
বিমানবন্দরে নামার পর তার আচরণ লক্ষ করে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে থামান। পরে তার ট্রলি ব্যাগটি তল্লাশি করে ভেতরে ভ্যাকুয়াম-সিলড ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যা ‘সবুজ রঙের উপাদানে’ ঠাসা ছিল। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এনডিপিস কিট ব্যবহার করে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ওই উপাদানগুলো আসলে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা।
নিষিদ্ধ মাদক পাচারের অপরাধে কাস্টমস বিভাগ হর্ষা সানিকে এনডিপিস আইনের আওতায় গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ১১ কেজিরও বেশি ওজনের এই হাইড্রোপনিক গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি।
গ্রেফতার হওয়া হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী। তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদকের এই বিশাল চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোনও এলাকায় কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
আরটিভি/ এসকেডি