images

আন্তর্জাতিক

জালিয়াতির অভিযোগে কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১২:৪৫ পিএম

কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের নজরদারি, গোপন অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট।

তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে বিভিন্ন প্রবাসী ও প্রতিষ্ঠানের কাছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করতেন। তারা ৫ ও ১০ কুয়েতি দিনারের স্ট্যাম্প বাজারদরের চেয়ে কম দামে সরবরাহ করে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত। তারা সরকারি স্ট্যাম্পের আসল কাগজ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল স্ট্যাম্প তৈরি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরির বিশেষ কাগজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল রোল চুরি করে সেগুলো জালিয়াতিতে ব্যবহার করা হতো। এরপর সেগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।

এ ঘটনায় রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তা ও সরকারি রাজস্ব ব্যবস্থার ওপর ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আটক পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
420

নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নিহত

কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সরকারি রাজস্ব ও নথিপত্র সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে