বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৬:৩৬ পিএম
দিল্লির মহিপালপুর ফ্লাইওভারে আত্মহত্যার চেষ্টার সময় এক যুবকের প্রাণ রক্ষা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দিল্লি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিল শর্মা। তার তাৎক্ষণিক পদক্ষেপ ও ধৈর্যের ফলে একটি মূল্যবান জীবন রক্ষা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জরুরি ফোন পেয়ে পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে এক যুবককে ফ্লাইওভারের একেবারে কিনারার কাছে বিপজ্জনক অবস্থায় দেখতে পান তারা।
পরিস্থিতি বুঝে এসআই অনিল শর্মা শান্তভাবে ওই যুবকের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে যুবকটিকে শান্ত করার চেষ্টা করছেন।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, বিচক্ষণতা, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে এসআই অনিল শর্মা মহিপালপুর ফ্লাইওভারে এক যুবকের জীবন রক্ষা করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অনিল শর্মা যুবকটিকে নিরাপদ স্থানে নিয়ে আসতে সক্ষম হন। দিল্লি পুলিশ আরও জানায়, তার সংবেদনশীলতা ও দ্রুত সিদ্ধান্ত একটি মূল্যবান জীবন বাঁচিয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে এসআই অনিল শর্মার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘মানবিকতা ও দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলে জীবন বাঁচে। এসআই অনিল শর্মার বিচক্ষণতা ও সংবেদনশীলতাকে স্যালুট।’
আরেকজন মন্তব্য করেন, ‘অপরিচিত একজন মানুষের জীবন রক্ষায় তিনি নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘এসআই শর্মা একটি পরিবারকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন। তার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।’
আরটিভি/এসএস