images

আন্তর্জাতিক / ভারত / যুক্তরাষ্ট্র

জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে মোদির নতুন সমীকরণ 

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:১৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ভারত সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানান, ভবিষ্যতের কোনো এক সময়ে তিনি ভারত সফর করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ঘিরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। গত বছর ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক কিছুটা চাপে পড়ে।

সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ওমান উপসাগরে তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। বৈঠকে মোদি ওই ঘটনায় ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেন।

আরও পড়ুন
Web-Image

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি কার্যকর, খুলছে হরমুজ 

দুই নেতা বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেন। তবে জোরপূর্বক শ্রম ঠেকানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি কর পরিকল্পনার কারণে আলোচনায় কিছুটা বাধা তৈরি হয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মোদিকে ‘কঠিন আলোচক’ হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

ট্রাম্প বলেন, “যদি কেউ ওই মানুষটিকে আক্রমণ করে, আমরা পাশে থাকব।” তবে নতুন নেতৃত্ব এলে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে তিনি মন্তব্য করেন।

জি-৭ বৈঠকের আগে দুই দেশের সম্পর্কে বেশ কিছু বিষয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নিজের ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে দিল্লি অসন্তুষ্ট হয়েছিল।

ভারত জানিয়েছে, কাশ্মীর বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না।

এদিকে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাবও আলোচনায় এসেছে। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি করে এবং এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্প ও মোদির এই বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে দিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ