বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৬:১১ পিএম
ফ্লোরিডার একটি ছোট শহর ‘জে’-এর (Jay) নতুন টাউন ম্যানেজার হিসেবে একজন নিবন্ধিত যৌন অপরাধীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বর্তমান টাউন ম্যানেজার এরিক সাইব গত সেপ্টেম্বর থেকে খণ্ডকালীন দায়িত্ব পালন করে আসছেন। আগামী ৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন। এরপর বর্তমান অপারেশনস ম্যানেজার এপ্রিল ওয়াটসন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন শহরের মেয়র শন ওয়েন্স।
তবে দায়িত্ব গ্রহণের আগে জনসম্মুখে আসে ওয়াটসনের অতীত। জানা যায়, ২০১০ সালে তিনি অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের তিনটি অভিযোগে আদালতে ‘নো কনটেস্ট’ আবেদন করেছিলেন এবং বর্তমানে তিনি ফ্লোরিডার নিবন্ধিত যৌন অপরাধীদের তালিকাভুক্ত।
ঘটনার সূত্রপাত ২০০৭ সালে। সে সময় এপ্রিল ওয়াটসন জে হাই স্কুলে গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি এবং আরেক শিক্ষক অ্যাশলি বারকেট কয়েকজন ১৭ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। তখন ওয়াটসনের বয়স ছিল ৩১ বছর।
মেয়র শন ওয়েন্স জানিয়েছেন, তিনি ওয়াটসনের অতীত সম্পর্কে অবগত ছিলেন, তবে ঘটনাটিকে তিনি বহু আগের বিষয় হিসেবে দেখছেন।
তিনি বলেন, আমি মামলার বিস্তারিত জানি না। তবে আমি জানি, এই দায়িত্বের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সম্প্রদায়ের অনেকেই তার দক্ষতার ওপর আস্থা রাখেন।
তদন্তে উঠে আসে, ২০০৭ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রায় চার মাস ধরে তিন কিশোরের সঙ্গে অনিয়মিতভাবে এ সম্পর্ক চলেছিল। দুই শিক্ষিকার বাসায় এসব ঘটনা ঘটেছে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।
পরে একটি বেনামি চিঠির মাধ্যমে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে সান্তা রোজা কাউন্টি শেরিফের কার্যালয়।
আদালতের রায়ে এপ্রিল ওয়াটসন ও অ্যাশলি বারকেট উভয়কে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তারা প্রায় এক বছর কারাভোগ করেন। পাশাপাশি ১৮ মাস গৃহবন্দি পর্যবেক্ষণ ও পাঁচ বছরের প্রবেশনের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে শর্ত পূরণের পর তাদের আগাম মুক্তি দেওয়া হয়।
আইনগতভাবে দুজনকেই যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুই কিশোর আদালতে জানিয়েছিল, সম্পর্কগুলো তাদের সম্মতিতেই হয়েছিল এবং তারা শিক্ষিকাদের শাস্তি চায়নি।
তবে এক শিক্ষার্থীর মা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আমার সন্তানকে স্কুলে পড়াশোনার জন্য পাঠাই, শিক্ষকদের সঙ্গে এ ধরনের সম্পর্কে জড়ানোর জন্য নয়।
অন্যদিকে মেয়র শন ওয়েন্স মনে করেন, অতীতের ঘটনা ওয়াটসনের বর্তমান দায়িত্ব পালনে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, মানুষ বদলায়, মানুষ পরিবর্তিত হয়।
কারাগার থেকে মুক্তির পর ওয়াটসন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হন। তার আইনজীবীর তথ্যমতে, তিনি যৌন অপরাধীদের জন্য নির্ধারিত কাউন্সেলিং সম্পন্ন করেছেন এবং সমাজে নিজেকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছেন।
এই নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে এখন আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে। সুত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে