শনিবার, ২০ জুন ২০২৬ , ০৬:৩১ পিএম
সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা ইস্যুর সুবিধা চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ করে তুলেছে।
শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এই সুবিধার পাশাপাশি দেশটিতে হোটেল বুকিং, ডেজার্ট সাফারি, জেট স্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে কম খরচে দুবাইসহ অন্যান্য জনপ্রিয় গন্তব্য ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।
ট্রাভেল এজেন্টদের মতে, ভিসা প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি হোটেল ও আউটডোর অ্যাক্টিভিটিতে বড় ধরনের ডিসকাউন্ট থাকায় আমিরাত এখন আরও সাশ্রয়ী পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। অনেক হোটেলে গ্রীষ্মকালীন মৌসুমে রুম ভাড়া মাত্র প্রায় ১৩৯ দিরহাম থেকেও শুরু হচ্ছে।
দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা ডেজার্ট সাফারি, যা শীতকালে সাধারণত ১৫০ দিরহামের কাছাকাছি থাকলেও গ্রীষ্মে প্রায় ৫০ দিরহামের মধ্যে পাওয়া যাচ্ছে। একইভাবে জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন অ্যাক্টিভিটিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন অপারেটররা।
বিশেষ করে বুর্জ আল আরব ও আটলান্টিসের মতো স্থাপনা দেখার জন্য জেট স্কি রাইডও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার দ্রুত ভিসা সুবিধার কারণে পর্যটকদের মধ্যে আমিরাত ভ্রমণের আগ্রহ আরও বাড়বে। দ্রুত অনুমোদন পাওয়া গেলে ভ্রমণ পরিকল্পনা করা আরও সহজ হবে।
ট্রাভেল বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে হোটেল ও পর্যটন সেবায় ছাড় বেশি থাকায় এটি এখন বাজেট-বান্ধব ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, পর্যটকদের উচিত বিভিন্ন অফার ভালোভাবে যাচাই করে বুকিং করা এবং কোথায় কী সুবিধা পাওয়া যাচ্ছে তা নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া।
ফলে কম খরচে বিলাসবহুল দুবাই ভ্রমণ এখন অনেক বেশি সহজ ও আকর্ষণীয় হয়ে উঠছে।
আরটিভি/এসকে