images

আন্তর্জাতিক

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৭:৫২ পিএম

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টোফাগাস্তা উপকূলের কাছে ৫.৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় ১১টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের নিচে, উত্তর চিলির উপকূল থেকে দূরে। ভূমিকম্পের কেন্দ্র প্রায় ১৫ কিলোমিটার গভীরে অবস্থান করায় উপকূলীয় এলাকাগুলোতে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫.৫ মাত্রার এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় সুনামি সৃষ্টির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে না।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত চিলি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। গত মে মাসেও দেশটির অ্যান্টোফাগাস্তা অঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যদিও তাতে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা, জাপান এবং চিলিতে ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চল। এটাকে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম বিবেচনা করা হচ্ছে। সুত্র: সিজিটিএন।

আরটিভি/টিআর