বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৯:৪১ পিএম
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টন ওজনের নতুন প্রজন্মের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নামপো বন্দরনগরীতে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন শ্রেণির একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম জং উন এসব কথা বলেন।
কিম বলেন, ‘নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্ভুলভাবে এগিয়ে চলছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, কারণ এটি আমাদের রাষ্ট্রের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও কার্যকর অভিযানের জন্য সদা প্রস্তুত রাখতে সক্ষম করবে।’
উত্তর কোরিয়া এর আগে দাবি করেছিল, ‘চোয়ে হিয়ন’ যুদ্ধজাহাজটি তাদের সবচেয়ে শক্তিশালী সব অস্ত্রে সজ্জিত। গত এপ্রিলে কিম নিজেই এই জাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরাসরি তদারকি করেছিলেন।
কিম জং উন জানান, ‘চোয়ে হিয়ন’–এর পর খুব শিগগিরই ‘কাং কোন’ নামের আরেকটি ডেস্ট্রয়ারকে আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে ১০ হাজার টন শ্রেণির বিশালাকার কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ ও মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়া প্রতিবছর ‘চোয়ে হিয়ন’–এর চেয়ে উন্নত শ্রেণির অন্তত দুটি করে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নিয়েছে, যার মধ্যে একটি হবে ১০ হাজার টনের ক্রুজার।
১০ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের আকার সাধারণত যুক্তরাষ্ট্রের ‘আর্লেই বার্ক’ শ্রেণির ডেস্ট্রয়ার কিংবা দক্ষিণ কোরিয়ার ‘সেজং দ্য গ্রেট’ শ্রেণির যুদ্ধজাহাজের সমপর্যায়ের হয়ে থাকে। এসব জাহাজ সাধারণত ১৫০ থেকে ১৭০ মিটার দীর্ঘ হয়।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বহরে ৫ হাজার টনের বেশি ওজনের ১০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে উত্তর কোরিয়ার রয়েছে মাত্র দুটি। কিমের এই নতুন ঘোষণার পর দুই কোরিয়ার জলসীমায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।
আরটিভি/এআর