বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০:০১ পিএম
ভিসা-অন-অ্যারাইভাল বা অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করে বিশ্ববাসীকে বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় একযোগে বিশ্বের আরও ছয়টি দেশের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং তাদের সঙ্গে আগত পরিবারের সদস্যরা আমিরাতে পা রাখার পর ১৪ থেকে ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন।
তবে এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর যেকোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি থাকতে হবে।
এ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচির আওতা সম্প্রসারণের এই সিদ্ধান্ত মূলত বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি বড় প্রয়াস। পাশাপাশি এটি বৈশ্বিক অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা আরব আমিরাতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি ও আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশের সুবিধা সহজে উপভোগ করতে পারবেন। ভ্রমণকারীদের যাতায়াত সহজ করা, কনস্যুলার প্রক্রিয়া আরও সরলীকরণ এবং ব্যবসা, বিনিয়োগ ও মেধাবী জনশক্তির জন্য আরব আমিরাতকে বিশ্বের শীর্ষ গন্তব্যে পরিণত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
এদিকে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, নতুন অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যদের অবশ্যই উল্লিখিত ছয়টি দেশের কোনো একটির মূল নাগরিক হতে হবে এবং নির্দিষ্ট পরাশক্তি দেশগুলোর বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
সংস্থাটি আরও জানায়, প্রদত্ত ভিসার ধরন অনুযায়ী ১৪ থেকে ৬০ দিনের ভিসা ইস্যু করা হবে। আইসিপি-এর তথ্যমতে, ১৪ দিনের ভিসা আরব আমিরাতে অবস্থানকালে সর্বোচ্চ একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য প্রদান করা হবে এবং এটি কোনোভাবেই নবায়নযোগ্য নয়। উভয় ধরনের ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হলে ভিসাধারীদের অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা আরোপ করা হবে।
ভিসা ফি প্রসঙ্গে সংস্থাটি জানায়, ১৪ দিনের ভিসা ইস্যু করার জন্য মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসা ইস্যুর মোট ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এআর