শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৬:৪৮ পিএম
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।
শুক্রবার (২৬ জুন) ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভলকানো ডিসকভারির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে ছিল এই ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল। জেনারেল সান্তোস শহরের জনসংখ্যা প্রায় ৬ লাখ ৭৯ হাজার।
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভব করা স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে সেখানে। শক্তিশালী এই কম্পনের কারণে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনির্দিষ্ট হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।
চলতি সপ্তাহে বিশ্বের বেশ কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার প্রলয়ংকরী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশটির কয়েকটি শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার সেই জোড়া ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
এর আগে আজ জাপানের চিবা প্রদেশেও ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে দেশটির রাজধানী টোকিওসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন সৃষ্টি হয়। তবে এই কম্পনের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আরটিভি/এআর