images

আন্তর্জাতিক / পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলা

রোববার, ২৮ জুন ২০২৬ , ১২:১২ পিএম

পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের একটি নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, শনিবার(২৭ জুন) সন্ধ্যায় করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দপ্তরের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে প্রথম আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই ভারী অস্ত্রধারী হামলাকারীরা দ্রুত কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। তবে কতজন হামলাকারী এই অভিযানে অংশ নিয়েছিল, তা নিয়ে এখনো ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন
3

যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

স্থানীয় সূত্রগুলো জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকায় দীর্ঘ সময় ধরে তীব্র গোলাগুলির শব্দ শোনা যায়। ঘটনার পরপরই দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী। পরে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে কম্পাউন্ডের ভেতরে চিরুনি অভিযান শুরু করে।

এদিকে সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতেই জামাত-উল-আহরার নামের একটি সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি মূলত নিষিদ্ধঘোষিত সংগঠন পাকিস্তানি তালেবানের (টিটিপি) একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত। নিজেদের বার্তায় সংগঠনটি দাবি করেছে, তাদের এই আত্মঘাতী হামলায় মোট নয়জন সদস্য অংশ নিয়েছিল।

আরটিভি/এআর