সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:৫৬ এএম
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কৌশাম্বী জেলায় একটি বাড়িতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কাঁচা ও রান্না করা মাংসও জব্দ করা হয়।
স্থানীয় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ সরু গলি দিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে থাকা তিন নারীকে আটক করা হয়।
কৌশাম্বী জেলার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, অভিযানের সময় একটি পাত্রে রান্না করা মাংস এবং একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন যে সেগুলো গরুর মাংস এবং পরিবারের পুরুষ সদস্যরাই মাংসগুলো বাড়িতে নিয়ে এসেছিলেন। উদ্ধার হওয়া মাংসের একটি অংশ রান্না করা হচ্ছিল, আর বাকি অংশ পরদিনের জন্য সংরক্ষণ করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে প্রায় এক কেজি কাঁচা এবং এক কেজি রান্না করা মাংস জব্দ করা হয়েছে। মাংসগুলো গরুর বলে সন্দেহ করা হচ্ছে এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় সরাই আকিল থানায় উত্তর প্রদেশ গো-হত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন নারীকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
আরটিভি/এসকে