images

আন্তর্জাতিক

হঠাৎ সব দায়িত্ব থেকে সরানো হলো ইসকন নেতা রাধারমণ দাসকে

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:১৬ পিএম

কলকাতার ইসকন সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংবাদমাধ্যম বা জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাধারমণ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সংগঠনের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এবং ভবিষ্যতে ইসকনের পক্ষে কোনো বক্তব্য দেবেন না।

তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে বক্তব্য, চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন, একটি টেলিভিশন আলোচনায় অংশগ্রহণ, মেনকা গান্ধীকে আইনি নোটিশ, সাইবার অভিযোগ এবং সনাতন ধর্ম নিয়ে প্রকাশ্য অবস্থানসহ কয়েকটি বিষয়কে কারণ হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন
3588

মুসলমানদের নিয়ে মাঠে নামার ঘোষণায় পশ্চিমবঙ্গে তোলপাড়

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তার প্রকাশ্য মন্তব্যই এই শৃঙ্খলামূলক ব্যবস্থার অন্যতম প্রধান কারণ বলে সংগঠনের একাধিক সূত্রের দাবি। তবে ইসকনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বিদায়বার্তায় রাধারমণ দাস ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসকনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের প্রধান মুখপাত্র ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়।

আরটিভি/ এসকেডি