images

আন্তর্জাতিক

ভিসা ফি নিয়ে দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়া

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১১:২৪ পিএম

ভিসা আবেদনকারীদের জন্য ফি বৃদ্ধি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। 

বুধবার (১ জুলাই) থেকেই এই নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যনুযায়ী জানা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার আবেদন ফি ২ হাজার ডলার থেকে বেড়ে ২ হাজার ৫০০ ডলার হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ০৫০ ডলার। একই সঙ্গে অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি ৪ হাজার ৬০০ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৫০ ডলার করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে এক ভিসার ফি ২ হাজার ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৬০০ ডলার করা হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, এতে করে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার খরচ আরও বাড়বে। কারণ নতুন ফি অনুযায়ী শুধু ভিসা ফি বাবদ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রধান ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণকালীন কোর্সে তালিকাভুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় থাকার এবং পড়াশোনা করার সুযোগ পান। সাধারণত কোর্স শেষ হওয়া পর্যন্ত (সর্বোচ্চ ৫ বছর) এই ভিসার মেয়াদ থাকে।

পরিবারভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে পার্টনার ভিসার আবেদন ফি ৯ হাজার ৩৬৫ ডলার থেকে বেড়ে ১১ হাজার ৭১০ ডলার হয়েছে। দক্ষ কর্মীদের জন্য স্কিলস ইন ডিমান্ড ভিসার আবেদন ফি ৩ হাজার ২১০ ডলার থেকে ৪ হাজার ১৫ ডলারে উন্নীত হয়েছে।

ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন ফি ৬৭০ ডলার থেকে বেড়ে ৮৪০ ডলার হয়েছে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কয়েকটি প্রশাসনিক ও পুনরাগমনসংক্রান্ত ভিসার ফিতে। ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০৩ শতাংশ বৃদ্ধি। রেসিডেন্ট রিটার্ন ভিসার আবেদন ফি ৪৯০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০১ শতাংশ বৃদ্ধি। নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ ভিসার আবেদন ফি ৪৪৫ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩৩০ ডলার হয়েছে।
 
একই সঙ্গে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। অস্থায়ী দক্ষ অভিবাসন আয়ের সীমা (TSMIT) এবং কোর স্কিলস ইনকাম থ্রেশহোল্ড (CSIT) বছরে ৭৯ হাজার ৪২৩ ডলার নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ দক্ষতা ধারার (Specialist Skills Pathway) ক্ষেত্রে ন্যূনতম বার্ষিক আয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৭৬ ডলার।

আরটিভি/টিআর