images

আন্তর্জাতিক

ভারতে খাসির মাংসের বদলে মুরগি দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল মারামারি

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ১২:৪৪ পিএম

একটি বিয়ের অনুষ্ঠানে খাসির বদলে মুরগি পরিবেশনকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ভারতের বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুরে এমন ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

তবে বিয়ে শেষে খাবার পরিবেশনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষের অভিযোগ, তাদের খাসির মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু খাবারের প্লেটে চিকেন পরিবেশন করা হয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারি করতে দেখা গেছে।

আরও পড়ুন
1

ভারতে মানসিক ভারসাম্যহীন মায়ের দুই মেয়েকে ধর্ষণ, অতঃপর...

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসএস