শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৩:৪৮ পিএম
চালকের হাতে বাসের স্টিয়ারিং। বাসভর্তি যাত্রী। তার মধ্যেই এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো বাসচালকের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানীর বুকে। সরকারি বাস পরিষেবা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডিটিসির বাসে ঘটেছে এই ঘটনাটি। সেই ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিওটি।
যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করা যায়নি।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, এক মহিলা বাসের চালকের আসনের কাছে দাঁড়িয়ে আছেন। বাসের চালক তাকে অশালীন ভাবে স্পর্শ করার চেষ্টা করছেন। চালকের এমন আচরণ সত্ত্বেও কোনও প্রতিবাদ করেননি ওই মহিলা। তিনি স্রেফ কিছুটা দূরে সরে যান।
বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে একজন তার মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ বলেছেন যে, ভিডিও-এর দৃশ্যটি যদি সত্যি হয়, তবে বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এই রকম ক্ষেত্রে নারীদের প্রতিবাদ করার পরামর্শও দিয়েছে তারা।
একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে ভিডিওটি দেখার পর মন্তব্য বিভাগে প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। বেশির ভাগ নেটিজেনরা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আবার কেউ কেউ জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটছিল, ভিডিও করার বদলে ওই যাত্রীর ঘটনাস্থলে প্রতিবাদ করা উচিত ছিল। যদিও এই ভাইরাল ভিডিও-এর পরিপ্রেক্ষিতে কোনও বিবৃতি দেয়নি ডিটিসি কর্তৃপক্ষ।
আরটিভি/এসএস