images

আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড, শিক্ষার্থীরা পাবেন যেসব সুবিধা

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১২:২০ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই থেকে দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হবে। নতুন এই নীতিমালার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা পাবেন, পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ভিসার আবেদন ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগও মিলবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটিকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতেই এসব পরিবর্তন আনা হয়েছে। সরকারের উদ্যোগের অংশ হিসেবে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বর্তমানে পাথওয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা একটি ভিসা ব্যবহার করে ধারাবাহিকভাবে একাধিক কোর্স সম্পন্ন করতে পারেন। যেমন, ইংরেজি ভাষার কোর্স বা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এতে প্রতিটি কোর্সের জন্য আলাদা স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয় না।

নতুন নিয়মে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মাধ্যমিক শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। আগে ভিসায় নির্দিষ্ট ডিগ্রি ও বিষয় উল্লেখ থাকায় বিষয় পরিবর্তন করতে চাইলে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হতো। তবে ২০ জুলাই থেকে ভিসায় কেবল ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন থাকলে একই ডিগ্রির মধ্যে বিষয় পরিবর্তন করতে আর নতুন ভিসার প্রয়োজন হবে না।

এছাড়া পাথওয়ে স্টুডেন্ট ভিসার আওতা বাড়িয়ে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক এর লেভেল ১ থেকে ৪ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপথ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে থাকবে ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং বিভিন্ন ভোকেশনাল সার্টিফিকেট কোর্স।

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্যও এসেছে সুখবর। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারীরা এখন মূল কোর্সে ভর্তি হওয়ার আগে সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা অধ্যয়ন করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ।

নিউজিল্যান্ড সরকার বলছে, অতিরিক্ত এই সময় শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং উচ্চশিক্ষার মূল কোর্সে অংশ নেওয়ার জন্য আরও ভালো প্রস্তুতি নিশ্চিত করবে।

এর আগে থেকেই নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে ফান্ডস ট্রান্সফার স্কিম, নির্দিষ্ট শর্তে স্বামী বা স্ত্রী ও সন্তানকে সঙ্গে নেওয়ার সুযোগ এবং সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করার অনুমতি।

তবে নতুন সুবিধা চালু হলেও আবেদনকারীদের আগের মতোই স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত যাচাই এবং প্রকৃত শিক্ষার্থী হওয়ার প্রমাণসহ পাথওয়ে স্টুডেন্ট ভিসার বিদ্যমান সব শর্ত পূরণ করতে হবে।

আরটিভি/এসকে