images

আন্তর্জাতিক

তরুণীকে মদপানে বাধা! পার্কিংকর্মীকে ব্যাপক মারধর

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৬:৪৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডের পর্যটননগরী হৃষীকেশে প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পার্কিংকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দিল্লি থেকে আসা একদল পর্যটকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পার্কিং এলাকায় একদল পর্যটক মদ পান করছিলেন। এ সময় দায়িত্বরত এক পার্কিংকর্মী তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক পার্কিংকর্মীকে ঘিরে মারধর করছেন। তাদের মধ্যে একজন তরুণীকেও হামলায় অংশ নিতে দেখা যায়। এক পর্যায়ে একজন যুবক বড় একটি পাথর হাতে তুলে নেন এবং ভুক্তভোগীকে লাথি মারেন। মারধরের ফলে তিনি মাটিতে পড়ে গেলেও হামলা অব্যাহত থাকে। ঘটনার সময় স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন।

আরও পড়ুন
Web-Image---Copy

যে কারণে হঠাৎ আলোচনায় ৮৩ জনের নাগাপ্পা পরিবার

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পর্যটকদের মধ্যে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। তবে দলে থাকা তরুণীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ পৃথকভাবে কোনো তথ্য জানায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স (সাবেক টুইটার)-এর UK News Page নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ।

আরটিভি/এমএইচজে