images

আন্তর্জাতিক / এশিয়া

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৯:৫০ পিএম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার ঐতিহাসিক অবস্থান নতুন কিছু নয়। তবে সম্প্রতি দেশটির জোহর রাজ্যে এক ইসরায়েলি নাগরিকের পরোক্ষ ব্যবসার গুঞ্জনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কঠোর হুঁশিয়ারি দেশটির পররাষ্ট্রনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। 

বুধবার (১৫ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিককে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কারণ, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’ খবর আনাদোলু এজেন্সির।

আরও পড়ুন
12

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সম্প্রতি জোহর রাজ্যের ফরেস্ট সিটি এলাকার একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘নেটওয়ার্ক স্কুল’–কে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, এই প্রতিষ্ঠানের পেছনে একজন ইসরায়েলি নাগরিকের প্রত্যক্ষ অবদান বা মালিকানা রয়েছে। এই অভিযোগ সামনে আসার পরপরই জোহর রাজ্য সরকার পুরো বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে তদন্তের জন্য কুয়ালালামপুরের প্রতি আহ্বান জানায়। রাজ্য প্রশাসনের এই উদ্বেগের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপরতার সঙ্গে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কূটনৈতিকভাবে মালয়েশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া শুরু থেকেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে অত্যন্ত জোরালো কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া কোনো ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিকের মালয়েশিয়ায় প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ধরনের স্পর্শকাতর অভিযোগ ওঠার পর থেকেই দেশজুড়ে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ স্থানীয় ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে বিশেষ অভিযান চালিয়েছে। সেখানে অবস্থানরত ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছে অভিবাসন পুলিশ। তবে, তল্লাশি চালানো সেই সব বিদেশি নাগরিকের প্রত্যেকের কাছেই মালয়েশিয়ায় অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট ও অভিবাসন-সংক্রান্ত শতভাগ সঠিক নথিপত্র পাওয়া গেছে। সেখানে অবৈধ কোনো নাগরিক বা ইসরায়েলি পাসপোর্টের সন্ধান মেলেনি।

আরটিভি/এআর