images

আন্তর্জাতিক / পাকিস্তান

স্বাধীনতা ঘোষণার মাঝেই বেলুচিস্তানে হামলা, ৪৫ সেনা নিহত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৭:৪৭ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানে একটি নিরাপত্তা বাহিনীর বহরে বড় ধরনের হামলার ঘটনায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, প্রদেশের মাসতুং এলাকার কাছে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। 

পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। ফলে বিএলএর দেওয়া দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেছেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছিল। এই কারণে সেনাসদস্যদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে। এতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী একসঙ্গে অংশ নিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
7

উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান?  

এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া এই দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের শত কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গওয়াদর গভীর সমুদ্রবন্দরও এই প্রদেশে অবস্থিত হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা নিয়ে বেইজিং ও ইসলামাবাদের উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরু থেকে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার কয়েকটির দায় বিএলএ এবং অন্য কয়েকটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার দাবি করেছে।

আরটিভি/এআর