images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০২:১৫ পিএম

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট বা আকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে গৃহকর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় নিয়োগকর্তাদের জন্য আরও নমনীয়তা তৈরি হবে। 

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’–এর যৌথ সহযোগিতায় এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে।

আরও পড়ুন
8

বাংলাদেশিসহ বিদেশি পর্যটকদের বড় সুখবর দিল আরব আমিরাত

সৌদি আরবের জনপ্রিয় সংবাদপত্র ওকাজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে।

নতুন এই নিয়ম চালুর ফলে নিয়োগকর্তারা এখন থেকে আর দীর্ঘমেয়াদি বা এককালীন এক-দুই বছরের জন্য আকামা নবায়নে বাধ্য থাকবেন না। তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সুবিধা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য রেসিডেন্সি ফি পরিশোধ করতে পারবেন। তিন মাস বা এর গুণিতক মেয়াদের রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে। এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি নবায়ন সাধারণত এক বা দুই বছরের মেয়াদের মধ্যেই কঠোরভাবে সীমিত ছিল, যা একসঙ্গে পরিশোধ করা অনেকের জন্যই কষ্টসাধ্য হতো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা দেওয়া এবং পরিবার ও গৃহকর্মীদের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনের সঙ্গে সেবাটিকে আরও সামঞ্জস্যপূর্ণ করা। এই উদ্যোগ সৌদি আরবের সামগ্রিক রেসিডেন্সি সেবা আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের চলমান মহাপরিকল্পনার একটি অংশ। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এআর