বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:১০ এএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। টানা কয়েক দিনের বিক্ষোভের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধের অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতিকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব থেকে সরানোর কয়েক দিনের মধ্যেই সেনাপ্রধানকে বরখাস্ত করা হলো। প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের পর দেশজুড়ে হাজারো মানুষ বিক্ষোভে নামেন।
শুরুতে ধারণা করা হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে সরানোর পেছনে সেনাপ্রধান সিরস্কির সঙ্গে মতবিরোধের বিষয়টি জড়িত। পরে সেই তথ্যও সামনে আসে। ৩৫ বছর বয়সী ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সেনাবাহিনীতে পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপ জোরদারের জন্য প্রশংসা করা হয়। অন্যদিকে ৬০ বছর বয়সী সিরস্কিকে অনেকেই পুরোনো ধাঁচের সেনা কর্মকর্তা হিসেবে দেখতেন। তার বিরুদ্ধে সেনাবাহিনীতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে অনাগ্রহী থাকার অভিযোগ ছিল।
নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতি দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, দেশের জন্য লড়াই করা প্রতিটি সেনাসদস্যের প্রতি সম্মান রেখে তিনি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সিরস্কির অবদানেরও প্রশংসা করেন তিনি।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির সামরিক অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সময় রাজধানী কিয়েভ রক্ষায় তার ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।
গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়েভহেনি খমারা। জেলেনস্কি জানিয়েছেন, নতুন নিয়োগ-সংক্রান্ত সব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
এদিকে নতুন সেনাপ্রধান দ্রাপাতিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভ। তিনি এই নিয়োগকে দেশের জন্য নতুন আশার প্রতীক বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ এবং সেনাবাহিনীতে পরিবর্তনের দাবির মুখেই শেষ পর্যন্ত জেলেনস্কি সেনাপ্রধান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
আরটিভি/জেএমএ