বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১১:৪৬ এএম
ভারতের কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখা। ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে বন্যপ্রাণ পাচারের অভিযোগে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রেড-ইয়ার স্লাইডার প্রজাতির বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম কলকাতা এয়ারপোরর্টের খবরে বলা হয়, বুধবার (২২ জুলাই) ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানে ছিলেন ওই যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজের ভেতর থেকে নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। পরে ব্যাগ তল্লাশি করে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।
ঘটনার পর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুল্ক দপ্তর। কচ্ছপগুলো কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণ পাচারচক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তাও তদন্ত করছেন কর্মকর্তারা।
এর আগে একই দিনে কলকাতার ডানলপ এলাকায় একটি যাত্রীসাথী ট্যাক্সিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ জানায়, গাড়িটি থেকে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি এবং একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে। ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে সাক্ষী হিসেবে থানায় নেওয়া হয়েছে।
সূত্র: কলকাতা এয়ারপোর্ট
আরটিভি/এসএস