images

আন্তর্জাতিক

হঠাৎ মদের দোকানে ঢুকে গেলো চিতাবাঘ, ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৬:১৮ পিএম

রাজস্থানের টোডারাইসিং শহরে একটি মদের দোকানে হঠাৎ ঢুকে পড়ে একটি চিতাবাঘ। সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় দু'জন আহত হন। পরে বন বিভাগের উদ্ধারকারী দল চেতনানাশক প্রয়োগ করে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে।

সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, চিতাবাঘটি প্রথমে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর হামলা চালায়। এরপর সেটি দ্রুত মদের দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে কর্মরত এক তরুণের ওপরও আক্রমণ করে। হামলায় দু'জনই আহত হন।

ঘটনার পর দোকানের ক্রেতা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরে জয়পুর চিড়িয়াখানা থেকে আসা বিশেষ উদ্ধারকারী দল চেতনানাশক বন্দুক ব্যবহার করে চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে উদ্ধার করে।

আহত দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে চিতাবাঘটি শহরের জনবহুল এলাকায় প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, পুরো ঘটনাটি মদের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

পাশে সাপ নিয়ে মোবাইলে কার্টুনে মগ্ন শিশু, ভিডিও ভাইরাল

ভিডিওটি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে শহরাঞ্চলে বন্যপ্রাণীর প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে এ ধরনের ঘটনা বাড়তে পারে, যা মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

আরটিভি/এসকে