শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৪:০৯ পিএম
দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে শুক্রবার (২৪ জুলাই) পুলিশ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এই নির্দেশনা জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি), ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) ও অর্জিত ছুটিসহ (আর্নড লিভ) সব ধরনের নিয়মিত ছুটি দেওয়া বন্ধ থাকবে। কেবল প্রকৃত জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হতে পারে। এ ছাড়া দিল্লি পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ কিংবা কোনো কোর্সে অংশ নিতে দেওয়া হবে না।
সদর দপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে গেজেটেড কর্মকর্তাসহ বাহিনীর সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল থাকবে। সকল ডিসিপিকে অত্যন্ত কঠোরভাবে এই নির্দেশ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের পর পুলিশ প্রশাসন থেকে এই জরুরি সিদ্ধান্ত এলো। আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।
এর আগে গত ২০ জুলাই সিজেপির আহ্বানে হাজারো বিক্ষোভকারী ‘সংসদ চলো’ কর্মসূচি নিয়ে যন্তর মন্তরে জড়ো হন। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বিক্ষোভকারীরা কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়লে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
আরটিভি/এআর