images

আন্তর্জাতিক / ভারত

মোদির মন্ত্রিসভায় এক সদস্যের পদত্যাগ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:৪১ এএম

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যেই দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, ঠিক সেই সময় তার এই পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রবনীত সিং বিট্টু। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

রাষ্ট্রপতি ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী রবনীত সিং বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরও পড়ুন
20

প্রথমবার ‘গণিতের নোবেল’ জিতলেন চীনের দুই গণিতবিদ

এর আগে গত ২১ জুন রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়। একই কারণে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও ২৩ জুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তারও রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছিল এবং তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়নি।

তিনবারের লোকসভার সদস্য রবনীত সিং বিট্টু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি পাঞ্জাবে ফিরে গিয়ে রাজ্যের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে তিনি লুধিয়ানা (সেন্ট্রাল) আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবে দলীয় সংগঠন আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান মজবুত করতেই তাকে সেখানে সক্রিয় করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্যসভায় যাওয়ার আগে রবনীত সিং বিট্টু একবার আনন্দপুর সাহিব এবং দুইবার লুধিয়ানা লোকসভা আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক মাস ধরে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।


আরটিভি/জেএমএ