images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

বেন-গভিরের বাসার কাছে রহস্যময় ড্রোন উদ্ধার, ইসরায়েলে সতর্কতা

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১১:১২ এএম

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের কাছে একটি রহস্যময় ড্রোন উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।

ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে কিরিয়াত আরবা এলাকার গিভাত হাআভোট পাড়ায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ড্রোনটি উদ্ধার করা হয়। ওই এলাকাতেই বেন-গভিরের বাসভবন অবস্থিত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোনটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। এক সামরিক সূত্র জানায়, ড্রোনটি আকারে ছোট। তবে সেটি বেন-গভিরের ঘরের ঠিক সামনে নয়, বরং তিনি যে পাড়ায় থাকেন সেখানে পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন
10

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

পরবর্তী সময়ে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান দাবি করে, উদ্ধার হওয়া ড্রোনটি স্থানীয় এক কিশোরের। শুক্রবার (২৪ জুলাই) সেটি সেখানে পড়ে গিয়েছিল। তবে ড্রোনটির বিষয়ে কারিগরি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশ জানিয়েছিল, হেবরনের কয়েকজন বাসিন্দা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বেন-গভিরকে হত্যার চক্রান্ত করেছিল। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা ইহুদি ধর্মীয় উৎসবের সময় ইব্রাহিমি মসজিদে সফরের সময় মন্ত্রীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল।

শনিবারের ড্রোনটির সঙ্গে পূর্ববর্তী সেই হত্যাচেষ্টার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কিছু জানায়নি।

আরটিভি/এআর