images

আন্তর্জাতিক

৩৯ মাস ধরে ‘বিধবা ভাতা’ পান এই ভারতীয় যুবক

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৩:৫৭ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলায় মানসিক ভারসাম্যহীন এক বিধবা নারীর ভাতার টাকা প্রায় ৩৯ মাস ধরে অন্য এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ হাজার রুপি চলে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা রেহেনা বিবির জন্য স্বামীর মৃত্যুর পর বিধবা ভাতার আবেদন করা হয়েছিল। তবে আবেদন অনুমোদিত হলেও তার ব্যাংক অ্যাকাউন্টে কখনোই ভাতার টাকা জমা হয়নি।

রেহেনার পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে আবেদন প্রক্রিয়ার ত্রুটি বলে মনে করেছিলেন। পরে পুনরায় আবেদন করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এরপর ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারেন, রেহেনার নামে বরাদ্দ হওয়া ভাতার অর্থ দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম নামে এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে।

আরও পড়ুন
bengaluru

বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর...

রেহেনার মেয়ে জানান, তার মায়ের মানসিক অবস্থা ভালো নয়। বাবার মৃত্যুর পর মায়ের জন্য বিধবা ভাতার আবেদন করা হলেও তিনি কখনো সেই টাকা পাননি। বিডিও কার্যালয়ে গিয়ে তারা জানতে পারেন, এতদিন ধরে ভাতার অর্থ অন্য একজনের অ্যাকাউন্টে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি জানার পর তারা বিডিও কার্যালয়, থানা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি। তাদের দাবি, শুধু প্রাপ্য ভাতার অর্থ ফেরত নয়, কীভাবে এত দীর্ঘ সময় ধরে এমন ভুল বা অনিয়ম প্রশাসনের নজর এড়িয়ে গেছে, সেটিও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে