মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২:২৮ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরুদ্ধার করে আবারও প্রকাশ করা হয়েছে।
মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এটি অনিচ্ছাকৃত একটি কারিগরি ত্রুটির ফল। বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে।
এদিকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। ভিডিওটি সরিয়ে নেওয়ার কারণ এবং পুরো ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে জানা গেছে।
গত ২৩ জুলাই ফেসবুকে ভিডিওটি প্রকাশ করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থী বিক্ষোভের সময় জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে এটিই ছিল নরেন্দ্র মোদির প্রথম ভিডিও বার্তা।
ভিডিওটিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মোদি। সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আগে ভিডিওটি লাখো মানুষ দেখেছিলেন।
আরটিভি/জেএমএ