images

আন্তর্জাতিক / ভারত

ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় তরুণ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:২৯ পিএম

ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। নিজের মেধা প্রমাণের কোনো সুযোগ না পেয়েই তিনি এ পথ বেছে নেন বলে জানা গেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাকে ভর্তি পরীক্ষার হ্যাকাথন ধাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার পরই ক্ষুব্ধ হয়ে তরুণটি দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করে একটি বার্তা ঝুলিয়ে দেন।

ওয়েবসাইটে লেখা বার্তায় তিনি উল্লেখ করেন, ‘এই সাইট হ্যাক করা হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ প্রয়োজন।’

আরও পড়ুন
GOLD

বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা উদ্ধার

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েবসাইট দুটি হ্যাকিংয়ের স্ক্রিনশট শেয়ার করেন ওই তরুণ। সেখানে তিনি দাবি করেন, কারও ক্ষতি করার উদ্দেশ্যে তিনি এ কাজ করেননি। ভর্তি প্রক্রিয়ায় সুযোগ না পেয়ে কেবল নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করতেই তিনি হ্যাকিংয়ের আশ্রয় নিয়েছেন।

আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল জানান, আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় তাকে শুরুতে নির্বাচিত করা যায়নি। তবে এই হ্যাকিংয়ের ঘটনাটিকে কেবল অপরাধ হিসেবে না দেখে তরুণটির প্রযুক্তিগত আগ্রহকে ভিন্নভাবে বিবেচনা করছে কানপুর আইআইটি।

আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তরুণটিকে ক্যাম্পাসে ডেকে একটি বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে উত্তীর্ণ হলে তাকে আগামী শিক্ষাবর্ষে ভর্তির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরটিভি/এআর