বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৫:১৪ পিএম
ভারতের মধ্যপ্রদেশে নিজেদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামা কৃষকদের সঙ্গে পুলিশের তীব্র ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এবং কৃষক প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক ভেস্তে যাওয়ার পরই রাজ্যটির রাজধানী ভোপালে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কৃষক সংগঠন ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র নেতাদের সঙ্গে সরকারের দীর্ঘ তিন ঘণ্টার আলোচনা শেষ হলেও কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষে ক্ষুব্ধ কৃষকেরা একটি মিছিল নিয়ে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ সড়ক ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।
কৃষকেরা বাধা ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগে বেশ কয়েকজন কৃষক আহত হন।
সংঘর্ষ চলাকালেই পুলিশের শীর্ষ কর্মকর্তারা লাউডস্পিকারের মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত থেকে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানান। এই সংঘর্ষের ঘটনায় পুরো ভোপালজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরটিভি/এআর